মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লা ইয়ামিন দেশের রাজধানী মালেতে সৃষ্ট পানি সংকটের কারণে তার মালয়েশিয়া সফর সংক্ষিপ্ত করে মালে ফিরে এসেছেন। প্রেসিডেন্টের দপ্তরের কর্মকর্তারা রবিবার এ খবর জানান।
মালদ্বীপের রাজধানী মালের প্রধান পানি শোধনাগারটি অগ্নিকাণ্ডের কারণে বিকল হয়ে পড়ায় খাবার পানির সংকট সৃষ্টি হয়। রাজধানীর বাসিন্দারা তৃতীয় দিনের মতো খাবার পানির সংকটে ভুগছেন। এ নিয়ে বাসিন্দাদের মধ্যে অসন্তোষ বেড়ে চলছে। জনগণ পানির দাবিতে রাজপথে নেমে আসছে। পরিস্থিতি মোকাবেলায় প্রেসিডেন্ট তার সফর সংক্ষিপ্ত করলেন।
রাষ্ট্রপতি দফতরের এক বিবৃতিতে বলা হয়, ‘প্রেসিডেন্ট ইয়ামিন তার মালয়েশিয়া সফর সংক্ষিপ্ত করে (শনিবার রাতে) মালে ফিরে এসেছেন।’ ইয়ামিন শনিবার দেশবাসীকে জাতীয় সংকট নিরসনে সরকারের সঙ্গে সহযোগিতা করার পাশাপাশি ‘ধৈর্যশীল ও ঐক্যবদ্ধ’ থাকার আহ্বান জানান।
পানি সংকটের কারণে বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে এবং রেশন পদ্ধতিতে পানির বোতল বিতরণকারী দোকানগুলোতে হামলার ঘটনা ঘটেছে। এ প্রেক্ষাপটে সরকার জনরোষ প্রশমিত করতে রবিবার ও সোমবার সরকারি ছুটি ঘোষণা করেছেন।
মালদ্বীপে বৃষ্টির পানি ধরে রাখার ব্যবস্থা অপ্রতুল। দেশটির ভূ-গর্ভস্থ পানি খাওয়া ধোঁয়ার কাজে ব্যবহার করা যায় না। বাসিন্দাদের সাগরের শোধিত পানির ওপর নির্ভর করতে হয়।
