কেন্দ্রীয় ঔষধালয়ে দুর্নীতির অনুসন্ধানে দুদক

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৪, ২১:১৪
 
সরকারি কেন্দ্রীয় ঔষধালয়ের চিকিত্সা সরঞ্জামাদি ও উপকরণ ক্রয়ে অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকা লুটপাটসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সমপ্রতি এ সব দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
 রবিবার এ সব অভিযোগ অনুসন্ধানে কমিশন থেকে অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।
দুদকের উপ-সহকারী পরিচালক মো. শহিদুল আলম সরকারকে অনুসন্ধানকারী কর্মকর্তা ও উপ-পরিচালক মোহাম্মদ ইব্রাহিমকে তদারককারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।
দুদক সূত্র জানায়, রাজধানীর তেজগাঁওয়ের সরকারি কেন্দ্রীয় ঔষধালয়ের সহকারী পরিচালক ডা. এম আক্তারুজ্জামানের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ রয়েছে। বেশি দামে চিকিত্সা সরঞ্জামাদি ও উপকরণ ক্রয়ের মাধ্যমে কোটি কোটি টাকা লুটপাটের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ ছাড়া নানা উত্স থেকে কমিশন গ্রহণ, অনিয়ম ও স্বেচ্ছাচারিতারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। যাচাই-বাছাই শেষে কমিশন এ সব অভিযোগ অনুসন্ধানে নেমেছে। কমিশন থেকে দ্রুত অভিযোগ অনুসন্ধানের নির্দেশ দেয়া হয়েছে।