সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলা

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৪, ০৪:৩২

গতকাল রোববার সিরিয়ার রাজধানী দামেস্কসহ দুটি শহরে বিমান থেকে কয়েক দফা হামলা চালিয়েছে ইসরায়েল। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি তথ্য জানা যায়নি। খবর বিবিসি, এএফপি ও রয়টার্সের।

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন বলেছে, ‘ইসরায়েলি শত্রুরা’ অনধিকারমূলকভাবে প্রবেশ করে সিরিয়ায় দুদফা বিমান হামলা চালিয়েছে। হামলায় কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। তবে এ ব্যাপারে তারাও বিস্তারিত কিছু বলেনি। সিরীয় বার্তা সংস্থা সানা এই হামলাকে ‘সিরিয়ার বিরুদ্ধে আগ্রাসন’ বলে অভিহিত করেছে। হামলা প্রসঙ্গে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, ‘বিদেশি খবরাখবর’ নিয়ে তারা মন্তব্য করে না।
উল্লেখ্য, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর কাছে অস্ত্রশস্ত্র পাঠানোর অভিযোগ তুলে সিরিয়ার বিরুদ্ধে অনেকবার হামলার হুমকি দিয়েছিলেন।