রাঙ্গামাটির কাউখালী উপজেলার ঘাগড়ার চেলাছড়া নোয়াপাড়া এলাকায় দুর্বৃত্তের ব্রাশ ফায়ারে পথচারী এক উপজাতি নারী নিহত ও একজন আহত হয়েছেন। সোমবার এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট ও সুত্র জানায়, ইউপিডিএফ অধ্যুষিত ঘাগড়ার চেলাছড়া নোয়াপাড়া এলাকায় মেলা চলছিল। মেলা দেখতে ঘাগড়ার দেওয়ান পাড়া এলাকার জনৈক শাক্যমনি চাকমার স্ত্রী চুংগুলা চাকমা(৩০) ওই এলাকায় যায়। সোমবার সকাল সোয়া দশটায় নোয়াপাড়া এলাকায় একটি দোকানে যাওয়ার পথে আগে থেকে ওঁৎ পেতে থাকা অস্ত্রধারী দুর্বৃত্তরা ব্রাশ ফায়ার করলে ঘটনাস্থলেই চুংগুলা চাকমা(৩০) গুলিবিদ্ধ হয়ে মারা যান। তার সাথে থাকা হরিধর চাকমাকে (৪৫) গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে চন্দ্রঘোনাস্থ মিশন হাসপাতালে নিয়ে যায়।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)নীলূ কান্তি বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন। এ ঘটনার জন্য জেএসএস ও ইউপিডিএফ পরস্পর বিরোধী অভিযোগ করেছে।’
কাউখালী উপজেলা জেএসএস নেতা সুবাস চাকমা ইউপিডিএফ’র বিরুদ্ধে অভিযোগ করে বলেন তাদের অন্তর্দ্বন্দ্বের কারণে নিরীহ পথচারী নিহত এবং আহত হয়েছেন।
অপরদিকে ইউপিডিএফ’র নেতা রাকেল তংচংগা জানিয়েছেন তাদের নিয়ন্ত্রিত এলাকায় জেএসএস ব্রাশ ফায়ার করে এ ঘটনা ঘটিযেছে।
এ ঘটনার পর ঘাগড়াসহ আশে পাশের এলাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
