দৃষ্টি আকর্ষণ করতে জীবন্ত অ্যানাকোন্ডার পেটে!

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৪, ১৪:৫৬
 
ধ্বংস হয়ে যাচ্ছে আমাজনের বৃষ্টি অরণ্য। আর এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে রীতিমতো জীবন্ত অ্যানাকোন্ডার পেটে ঢুকলেন প্রকৃতিবিদ পল রসোলি। সাপের পেটে ঢোকার এই দৃশ্যটি ধারণ করা হয়েছে ক্যামেরাতেও।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মৃত্যুর ঝুঁকি থাকলেও এক ঘণ্টার বেশি সময় অবস্থান করে শেষমেশ জীবিত অবস্থায় অ্যানাকোন্ডার পেট থেকে বের হতে সক্ষম হন তিনি। পেটে থাকা অবস্থায় তার দলের সঙ্গে যোগাযোগ রক্ষা করেছিলেন পল। তবে পেট থেকে তিনি কিভাবে বের হয়েছেন তা বিস্তারিত জানানো হয়নি। তবে সাপটির কোনো ক্ষতি করা হয়নি বলে উল্লেখ করেছেন পল।
শ্বাস-প্রশ্বাসের জন্য বিশেষজ্ঞরা পলের জন্য বিশেষ ধরণের কার্বন ফাইবার পোশাক বানিয়েছিলেন। সেখানে ক্যামেরা ও যোগাযোগ ব্যবস্থাও ছিল।
এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে পল বলেন, পৃথিবীর সবাই জানে যে বৃষ্টি অরণ্য হারিয়ে যাচ্ছে। এর গুরুত্বে কথা অনেকই বলতে পারেন। কিন্তু বেশিরভাগ মানুষই এই বিষয়টি গুরুত্ব দিচ্ছেন না, উপলব্ধি করতে চাচ্ছেন না। 
এই তথ্যচিত্র থেকে অর্জিত অর্থ সচেতনতা তৈরিতে, পরিবেশ রক্ষায় ও অ্যানাকোন্ডা নিয়ে গবষেণা কাজে ব্যয় করা হবে।
তবে তার এই পদক্ষেপকে পিইটিএ’সহ কয়েকটি প্রাণী অধিকার গ্রুপ সমালোচনা করেছে।