বিএনপি নেতা ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগের মামলায় অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
পল্টন থানার পরিদর্শক (তদন্ত) তোফায়েল আহমেদ সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ অভিযোগপত্র দেন।
মুখ্য মহানগর হাকিম বিকাশ কুমার সাহা এই অভিযোগপত্র আমলে নেয়ার ব্যাপারে শুনানির জন্য আগামী ১৪ ডিসেম্বর দিন ধার্য করেন।
অভিযোগপত্রে বলা হয়, গত বছর ১৪ অক্টোবর খোকা রাজধানীর নয়া পল্টনের ভাসানী মিলনায়তনে নির্বাচন ঠেকাতে ঢাকায় বিএনপির ডাকা এক সমাবেশ সামনে রেখে বলেছিলেন, দা-কুড়াল-বল্লম-লাঠিসোঠাসহ যা কিছু আছে, তা নিয়ে সবাইকে প্রস্তুত থাকতে হবে।
ওই ঘটনায় রাজধানীর পল্টন থানায় পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করার পর তদন্ত করে গত বছরের ৭ ডিসেম্বর রাষ্ট্রদ্রোহের মামলা করেন এসআই খায়রুল মো. শহীদুল্লাহ প্রধান।
