বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সুদৃঢ় ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরির জন্য কাজ করা হচ্ছে। যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নয়নের জন্য সর্বাত্মক সহযোগিতা করছে। পুলিশের দায়িত্বশীল ভূমিকা পালন ও কমিউনিটি পুলিশিংয়ের ওপর পর্যায়ক্রমে বিভিন্ন সহযোগিতা দেয়া হচ্ছে। যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতরের আন্তর্জাতিক মাদকদ্রব্য ও আইন-শৃঙ্খলা প্রয়োগ বিষয়ক সহকারী মন্ত্রী উইলিয়াম ব্রাউনফিল্ড তিন দিনের সফর শেষে গতকাল বারিধারার আমেরিকান সেন্টারে ‘গুড গিভিং কাউন্টারিং টেরোরিজম ফিন্যান্সিং এন্ড ভায়োলেন্ট এক্সট্রিমিজম ইন দ্য চ্যারিটেবল কম্যুনিটি’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন। ব্রাউন ফিল্ড আরো বলেন, পুলিশের মধ্যে মহিলা পুলিশ বাংলাদেশে অনেক বেশি ভূমিকা পালন করছে। বিশেষ করে তারা যে কোন পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে পারছে। এটা যুগোপযোগী পুলিশ ব্যবস্থা গড়ে তোলার জন্য ভালো দিক।
তিন দিনের এ সফরে গত রবিবার উইলিয়াম ব্রাউন ফিল্ড পুলিশ সদর দফতরে আইজি হাসান মাহমুদ খন্দকারের সাথে সৌজন্য সাক্ষাত্ করেন। উইলিয়াম ব্রাউনফিল্ড জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন। তিনি বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে মার্কিন সহায়তার আশ্বাস দেন। সাক্ষাত্কালে পুলিশ সদর দফতরের ডিআইজি (অপারেশন) চৌধুরী আব্দুলাহ আল মামুন, অতিরিক্ত ডিআইজি (স্পেশাল ক্রাইম এন্ড প্রসিকিউশন) জহিরুল ইসলাম ভুঁইয়া, এআইজি (গোপনীয়) মাহ্ফুজুর রহমান এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
