ভুল করে বাদাম পরিবেশন করায় কোরিয়ান এয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) মেয়ে চো হিউন আহ নিউইয়র্কগামী একটি বিমানের প্রধান পার্সারকে বিমান থেকে নেমে যেতে বাধ্য করেছেন। সরকার এই ঘটনার তদন্ত করবে বলে জানিয়েছে।
কোরিয়ান এয়ার জানায়, শুক্রবার বিমানটি উড্ডয়নের মাত্র কয়েক মিনিট আগে চো হিউন চিফ ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে বিমান থেকে নামতে বাধ্য করেন। চো হিউন তার এই পারিবারিক বিমান কোম্পানিটির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট। চো হিউনের সামনে কিছু বাদাম পরিবেশ করা হলে তিনি ক্ষুব্ধ হন। তিনি এগুলো দিতে বলেননি। উপরন্ত ক্রু বাদামগুলো একটি পাত্রে পরিবেশন করার পরিবর্তে বাদামের প্যাকেট পরিবেশন করে। এতেই তিনি ক্ষিপ্ত হন। ক্রুরা সঠিকভাবে এয়ারলাইন সার্ভিসের নিয়ম মানতে ব্যর্থ হওয়ার জন্য চো প্রধান পার্সারকে দায়ী করেছেন। এদিকে বিমানটি তখন রানওয়ের দিকে এগিয়ে চলেছে। বিমানটিকে এ সময় টার্মিনালে ফিরিয়ে আনা হয়। এতে উড্ডয়নে নির্ধারিত সময়ের চেয়ে ২০ মিনিট বিলম্ব হয়। পরিবহন মন্ত্রণালয় বিষয়টি খতিয়ে দেখবে বলে জানিয়েছে। - এএফপি
