ভারতের সমাজবাদী পার্টির নেতা আজম খান গত মাসে তাজমহলকে ওয়াক্ফ বোর্ডের সম্পত্তি ঘোষণা করা উচিত বলে মন্তব্য করেছিল। এবার উত্তর প্রদেশের বিজেপি প্রধান লক্ষ্মীকান্ত বাজপেয়ি দাবি করেছেন তাজমহলের জমি প্রাচীন একটি মন্দিরের অংশ বলে। গত রোববার লক্ষ্মীকান্ত ওই দাবি করেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।
লক্ষ্মীকান্ত সাংবাদিকদের বলেন, সম্রাট শাহজাহান তাজমহল নির্মাণের জন্য তৎকালীন রাজা জয় সিংয়ের কাছ থেকে তেজো মহালয়া মন্দিরের জমির অংশবিশেষ কিনে নিয়েছিলেন। লক্ষ্মীকান্ত দাবি করেন, তাঁর এই তথ্যের সমর্থনে নথিপত্র এখনো আছে।
মোগল সম্রাট শাহজাহান তাঁর স্ত্রী মমতাজ মহলের স্মরণে উত্তর প্রদেশের আগ্রায় তাজমহল নির্মাণ করেন। সাদা মার্বেল পাথরে তৈরি এই সমাধিসৌধ জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকো-ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ।
