নারী-পুরুষের সম অধিকার নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৪, ১২:২৩
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সমাজের অগ্রগতির জন্য অবশ্যই নারী ও পুরুষের সম অধিকার নিশ্চিত করতে হবে। এটি বাস্তবতা, অগ্রগতি ও উন্নয়ন প্রক্রিয়ায় সমাজের অর্ধেককে বাদ দিয়ে সমাজের উন্নয়ন অথবা অগ্রগতি হতে পারে না। মঙ্গলবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবস এবং বেগম রোকেয়া পদক বিতরণ অনুষ্ঠানে একথা বলেন। খবর: বাসসের।
শেখ হাসিনা বলেন, কোন মেয়ে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হবে না। বর্তমান সরকার বেগম রোকেয়ার স্বপ্ন বাস্তবায়নে মেয়েদের শিক্ষা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। 
তিনি বলেন, বেগম রোকেয়া স্বপ্ন দেখতেন, সমাজের অবহেলিত নারীরা শিক্ষিত হবে এবং স্বাবলম্বী হবে। তার এই স্বপ্নের অধিকাংশই বাস্তবায়িত হয়েছে। তিনি প্রতিটি শিক্ষিত নারীর হৃদয়ে বেঁচে আছেন এবং বেঁচে থাকবেন। 
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নারী শিক্ষা বিস্তার এবং নারী অধিকার প্রতিষ্ঠা ও সমাজে দরিদ্র ও অসহায় নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য অধ্যাপক মমতাজ বেগম এবং মিসেস গোলাপ বানুর হাতে বেগম রোকেয়া পদক তুলে দেন। 
শিশু ও নারী বিষয়ক মন্ত্রণালয় এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।