ভারতের আগ্রায় অন্তত ৫৭টি পরিবারকে ধর্মান্তরিত করেছে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ (আরএসএস)। সোমবার আগ্রার মধুনগর এলাকায় এই ধর্মান্তরিতকরণের আয়োজন করে ধর্ম জাগরণ সমন্বয় বিভাগ, আরএসএস ও বজরঙ্গ দল। মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
আরএসএসের আঞ্চলিক প্রধান রাজেশ্বর সিং জানিয়েছেন, ২০০ জনের বেশি মুসলিমকে 'হিন্দু' ধর্মে পুনরায় ফিরিয়ে আনা হয়েছে। সংগঠনগুলো তাদের শ্রীঘ্রই তাদের নতুন নামও দেবে।
রাজশ্বের সিং দাবি করেছেন, আলিগড়ে বড়দিনে পাঁচ হাজার মুসলমান ও খ্রিস্টান হিন্দু ধর্মে ফিরে আসবে। আগ্রার মহেশ্বরী কলেজে এই ধর্মান্তরিতকরণ অনুষ্ঠানের আয়োজন করা হবে।
ধর্মান্তরিত হওয়া সুফিয়া বেগম বলেছেন, ‘আরএসএসের লোকজন আমাদের ভালো থাকা খাওয়া এবং আমাদের সন্তানদের শিার ব্যবস্থা করার নিশ্চয়তা দিচ্ছে। ধর্ম পাল্টাতে আমার সমস্যা নেই, ধর্ম তো আমাদের খেতে দেয় না।’
রাজেশ্বর জানিয়েছেন, ২০০৩ সাল থেকে ফতেপুর সিক্রি, মথুরা, ফিরোজাবাদ, মিরুত ও উত্তরখণ্ডের প্রায় তিন লাখ মুসলিম ও র্খ্রিষ্টানকে হিন্দুতে রূপান্তরিত করা হয়েছে।
এ প্রসঙ্গে আগ্রার সুন্নি নেতা আসলাম কুরায়শী বলেন, ‘মুসলিমদের পথভ্রষ্ট করার জন্য এটি আরএসএসের একটি কৌশল।’
