‘আন্দোলন ঠেকাতে সরকার ডিসিসি নির্বাচনের কথা বলছে’

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৪, ১১:২৫
 
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অবৈধ সরকার নিজেদের বৈধতার জন্য এবং বিরোধী দলের আন্দোলনকে দমন করতে সব ধরনের অপকৌশল করছে। এখন জনগণের দৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত করতে এতদিন পর ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের কথা বলছে। মঙ্গলবার সকালে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলামকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে মির্জা ফখরুল বলেছেন, যখন নির্বাচন আসবে তখন দলীয় সিদ্ধান্ত জানানো হবে।
রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপি নেতা সাদেক হোসেন খোকার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের বিষয়ে তিনি বলেন, তিনি অসুস্থ, বিদেশে চিকিৎসাধীন। এই অবস্থায় তার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দেয়া হয়েছে। আসলে সরকার বিএনপি, বিএনপি নেতা ও আন্দোলন নিয়ে এতো ভীতু যে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে মিথ্যা মামলা, নির্যাতন নিপীড়নের পথ বেছে নিয়েছে। এতে প্রমাণ হয় আওয়ামী লীগ রাজনৈতিকভাবে কতটা দেউলিয়া হয়ে গেছে। 
মির্জা ফখরুল আরো বলেন, ৫ জানুয়ারি ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে বর্তমান সংসদ গঠন করা হয়েছে। এতে জনগণের কোনো ম্যান্ডেট নাই। এখানে সত্যিকারের নয়, গৃহপালিত বিরোধী দল আছে যা দেশের সবাই জানে। তাই এই সংসদে বিরোধী দলের কোনো ভূমিকাই থাকতে পারে না। এটা একদলীয় ও অবৈধ সংসদ।