জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী বলেছেন, ১ জানুয়ারি সারাদেশে একযোগে প্রথম শ্রেণি হতে নবম শ্রেণি পর্যন্ত ২৩ কোটি বই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হচ্ছে। যা পৃথিবীতে বিরল ঘটনা। নারী শিক্ষার পথিকৃৎ বেগম রোকেয়ার জন্মভূমি এই রংপুর। নারী শিক্ষা আরো এগিয়ে নিতে সরকারের পাশাপাশি জনগণকেও ভূমিকা রাখতে হবে।
শিরীন শারমীন বলেন, শিক্ষার আলো ছাড়া কোনো কিছুই করা সম্ভব নয়। আগামীতে ডিগ্রি পর্যন্ত ছাত্রীদের লেখাপড়া অবৈতনিক করা হবে। সেই লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।
মঙ্গলবার দুপুরে রংপুরের পীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে এক নবীন বরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা রংপুর-২ আসনের সংসদ সদস্য আহসানুল হক চৌধুরী ডিউক, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহারুল হক বাবলু, সম্পাদক মিয়া মো. তাজিমুল ইসলাম শামীম, জেলা আওয়ামী লীগের সদস্য মোকাররম হোসেন জাহাঙ্গীর চৌধুরী। কলেজের অধ্যক্ষ মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ফরিদ আহমদ, পুলিশ সুপার আব্দুর রাজ্জাক পিপিএম, উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম জিয়াউল ইসলাম, সহকারী অধ্যাপক আলমগীর হোসেন সাইফুল প্রমুখ।
স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী আরো বলেন, একজন নারী যদি আত্ম পরিচয়ে প্রতিষ্ঠিত হতে চায় তাহলে তার প্রয়োজন শিক্ষা। শিক্ষার আলো ছাড়া কোনো কিছুই করা সম্ভব নয়। এ কথাটি বেগম রোকেয়া ভালোভাবে বুঝেছিলেন বলেই তিনি বলেছিলেন, তোমাদের কন্যাদের শিক্ষা দিয়ে ছেড়ে দাও। তাহলেই তারা তাদের পথ খুঁজে নিবে। নারীরা আজ কোন জায়গাতেই পিছিয়ে নেই। প্রতিটি জায়গায় নারীর অবদান দৃশ্যমান। তিনি বলেন, বাংলাদেশের ছাত্র/ছাত্রীরা মেধাবী, এই মেধাকে কাজে লাগিয়ে জাতি আগামীতে আরো এগিয়ে যাবে। অনুষ্ঠানে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ শিক্ষক এবং কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্পিকার জানান, কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হওয়ার গৌরব সবার আগে পীরগঞ্জবাসীর। কেননা পীরগঞ্জের মানুষ আমাকে এমপি নির্বাচিত করেছে বলেই আমি জাতীয় সংসদের স্পিকার হতে পেরেছি এবং সিপিএ এর সভাপতি নির্বাচিত হতে পেরেছি। পীরগঞ্জের উন্নয়নের বিষয়ে তিনি সাংবাদিকদের আরো জানান, ইতিমধ্যেই গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেয়ার কাজ শুরু হয়েছে। এছাড়াও মেরিন একাডেমি, ন্যাশনাল সার্ভিস, শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তাঘাটের অবকাঠামোগত উন্নয়নের কাজ চলছে। জাতীয় কয়লা নীতির ভিত্তিতেই পীরগঞ্জের কয়লা খনির কয়লা উত্তোলনে পদক্ষেপ নেয়া হবে। এরপর বিকালে তিনি শাহ আব্দুর রউফ কলেজ মাঠে আওয়ামী লীগ ও মহাজোট আয়োজিত গনসম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহারুল হক বাবলু।
