দিল্লিতে ট্যাক্সিক্যাব চালকের দ্বারা এক তরুণী ধর্ষিত হওয়ার পর সব রাজ্যকে ইন্টারনেট-ভিত্তিক ট্যাক্সি সেবা বন্ধের আহ্বান জানিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তবে যোগাযোগমন্ত্রী নিতিন গাডকারি মন্তব্য করেছেন— ইন্টারনেট-ভিত্তিক ট্যাক্সি সেবা বন্ধ করা এ সমস্যার কোনো সমাধান নয়। দিল্লি সরকার এরই মধ্যে ওয়েব-ভিত্তিক সব ট্যাক্সিক্যাব কোম্পানি বন্ধের ঘোষণা দিয়েছে। খবর এনডিটিভির।
কোম্পানিগুলো দিল্লির পরিবহন বিভাগের রেজিস্ট্রেশন ছাড়াই কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।
যাত্রীদের নিরাপত্তার ব্যাপারে অবহেলার জন্য উবা ট্যাক্সিক্যাবের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে দিল্লি পুলিশ। কোম্পানিটি চালক নিয়োগ দেয়ার আগে প্রয়োজনীয় খোঁজখবর নেয়নি। ধর্ষণকারী ট্যাক্সিচালক আগেও একই অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন।
ধর্ষণের শিকার ২৭ বছর বয়সী ওই নারী গত শুক্রবার রাতে গুরগাঁও থেকে বাড়ি ফেরার জন্য ট্যাক্সি ভাড়া করেন। ট্যাক্সিতে ওঠার কিছুক্ষণ পর তিনি ঘুমিয়ে পড়েন।
ঘটনার শিকার নারী বলেছেন— হঠাত্ ঘুম ভেঙে দেখেন একটি অজানা স্থানে গাড়িটি থামানো আছে। এ সময় চালক তাকে ধর্ষণ করে।
ধর্ষণের শিকার নারী পুলিশকে বলেন— চালক পরে তাকে উত্তর দিল্লির বাসার কাছে নামিয়ে দেন এবং ধর্ষণের ঘটনা কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেন। ওই নারী মোবাইল ফোনে ট্যাক্সির নম্বর প্লেটের ছবি তুলে রাখেন। ট্যাক্সিচালক শিব কুমার যাদবকে উত্তর প্রদেশের মথুরা থেকে গ্রেপ্তার করা হয়।
