বিশ্ব মানবাধিকার দিবস আজ

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৪, ০০:৪০

বিশ্ব মানবাধিকার দিবস আজ। জাতিসংঘের নির্দেশনায় বিশ্বের সকল দেশে প্রতি বছর ১০ ডিসেম্বর দিবসটি পালিত হয়। এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। এছাড়া জাতিসংঘের মহাসচিব বান কি মুন ও মানবাধিকার বিষয়ক হাইকমিশনার জিদ রা’আদ আল হুসেনও পৃথক বাণী দিয়েছেন।

রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, বর্তমান সরকার মানবাধিকার রক্ষায় অত্যন্ত আন্তরিক। সরকারের পাশাপাশি বিভিন্ন সংস্থা, সংগঠন ও ব্যক্তি মানবাধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, সরকার সকল মানবাধিকার লঙ্ঘনের বিচার করার মাধ্যমে দেশে আইনের শাসন, মত প্রকাশের স্বাধীনতা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে অঙ্গীকারাবদ্ধ। অভ্যন্তরীণ এবং বিশ্ব মানবাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বাংলাদেশ আরো কার্যকরভাবে কাজ করবে।

জাতিসংঘের মহাসচিব বলেন, সকলের জন্য মানবাধিকার নিশ্চিত করতে হবে। এটি ব্যক্তির জন্য ন্যায় বিচার নিশ্চিত করার এবং সামাজিক স্থিতিশীলতা ও বৈশ্বিক অগ্রগতির বিষয়।