মানুষের জন্য আইন বদলের খবর শোনা গেলেও কুকুরের জন্য আইন তৈরির ঘটনা এবারই হয়তো প্রথম। ঘটনাটি ঘটেছে রুমানিয়ায়। দেশটির সামরিক বাহিনী থেকে অবসর নেয়া একটি কুকুরের জন্য নতুন আইন তৈরির নির্দেশ দেয়া হয়েছে। রুমানিয়ায় সামরিক বাহিনীতে কাজ করা একটি কুকুর দুই বছর ধরে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে দক্ষতার সঙ্গে কাজ করেছে। বোমা থেকে শুরু করে বিভিন্ন বিস্ফোরক দ্রব্য খুঁজে বের করার কাজটি সফলতার সঙ্গে পালন করেছে ম্যাক্স নামের এই কুকুরটি। সমপ্রতি কুকুরটি সামরিক বাহিনী থেকে অবসর নিয়েছে। এরপর কুকুরটি অসুস্থ হয়ে পড়ে। দায়িত্ব পালনের সময় কুকুরের জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা সম্বলিত আইন থাকলেও অবসরে যাওয়ার পর কুকুরের সুযোগ সুবিধার কোনো আইন রুমানিয়ায় নেই। আর তাই দায়িত্ববান কুকুরের অসুস্থতার সময় প্রয়োজনীয় আর্থিক যোগান দিতে অনলাইনে আবেদন জানানো হয়। এর পক্ষে ২৭ হাজার মানুষ স্বাক্ষর করে। একজনের অধীনে বর্তমানে কুকুরটি আছে। তিনিই ম্যাক্সের দেখভাল করছেন। সোমবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী মিরচা দুসা ম্যাক্সের জন্য প্রয়োজনীয় আইন তৈরির নির্দেশ দিয়েছেন। আর এ কাজটি যাতে চলতি সপ্তাহেই হয় সেই নির্দেশও দেন তিনি। - এএফপি
