পুত্র সন্তান জন্ম দেয়ায়…

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৪, ০০:৪২

ভারতের কলকাতায় পরপর তিনবার পুত্র সন্তান জন্ম দেয়ায় এক গৃহবধুকে শ্বশুরবাড়ির লোকজন জোর করে সোনাগাছির যৌণপল্লীতে রেখে আসে। একটি স্বেচ্ছাসেবী সংস্থা তাকে সেখান থেকে উদ্ধার করার পর পুুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।

এই গৃহবধূ অভিযোগ করেছেন, শ্বশুরবাড়ির লোকজন তার গর্ভে কন্যা সন্তান হবে বলে আশা করেছিলেন। তারা চেয়েছিলেন কন্যা সন্তান বড় হলে তাকে যৌন পেশায় নিয়োজিত করে উপার্জন করা যাবে। কিন্তু তৃতীয়বারও পুত্র সন্তান জন্ম দেয়ায় হওয়ায় তারা ক্ষুব্ধ হয়ে তাকেই যৌনপল্লীতে রেখে আসে। ৩০ বছর বয়সী তিন সন্তানের জননী এই নারী জানিয়েছেন, তার শ্বাশুড়ি এবং ননদসহ শ্বশুরবাড়ির অন্তত ৫ জন মহিলা যৌন পেশায় নিয়োজিত। তবে বিয়ের আগে পর্যন্ত এ বিষয়টি স্বামী তার কাছে গোপন রেখেছিলেন। তিনি জানান, তের মাস আগে তৃতীয় বার পুত্র সন্তান হওয়ার পর তার উপর নির্যাতনের মাত্রা বেড়ে যায়। কয়েকদিন আগে শ্বশুরবাড়ির লোকজন তাকে জোর করে যৌনপল্লীতে রেখে আসে। সেখান থেকে দুর্বার মহিলা সমিতি তাকে উদ্ধার করে। ভারতে পুত্র সন্তানের আশায় বধু নির্যাতনের ঘটনা অহরহ ঘটে। কিন্তু পুত্র সন্তান জন্ম হলে নির্যাতনের ঘটনা একেবারেই অভিনব।