চলন্ত লঞ্চ থেকে শিশু নদীতে, বাঁচাতে পানিতে ঝাঁপ মায়ের

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ০১:২৩

চলন্ত লঞ্চ থেকে শিশু সন্তান নদীতে পড়ার পরেই তাকে বাঁচাতে ঝাঁপ দেন মা। এরপর দু’জনই নিখোঁজ।  চাঁদপুরের মতলব উত্তরের মেঘনার ষাটনল এলাকায় সোমবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার।

জানা গেছে, ৯৯৯ এই নাম্বারে জনৈক আক্তার হোসেন কল দিয়ে জানান, ষাটনল এলাকায় চলন্ত এমভি ইমাম হাসান-২ লঞ্চ থেকে একটি শিশু পড়ে যায়। তৎক্ষণাৎ শিশুর মা শিশুকে রক্ষা করতে নদীতে ঝাঁপ দেন। লঞ্চটি চলতে থাকায় পরিস্থিতি বেগতিক দেখে যাত্রী আক্তার হোসেন ৯৯৯ নাম্বারে সাহায্যের জন্য কল করেন।

মতলব উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার জানান, উপজেলার মেঘনা নদী ছাড়াও পাশের মুন্সিগঞ্জ জেলা প্রশাসনকে সহযোগিতার জন্য অনুরোধ জানানো হয়েছে।