তারেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৪, ১৫:৫৮
 
বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করার অভিযোগে দায়ের করা মানহানির মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। বুধবার ঢাকার মুখ্য নগর হাকিম আদালতের বিচারক আতাউল হক এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ সম্পাদক মনির খানের দায়ের করা মানহানির মামলায় গত ১৭ নভেম্বর তারেক রহমানের বিরুদ্ধে সমন জারি করা হয়। আদালতের নির্দেশনা না মানায় আজ এই আদেশ দেয় আদালত। তারেককে গ্রেফতারের বিষয়ে আগামী ২৯ জানুয়ারি আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
গত ৭ নভেম্বর লন্ডনে এক অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘পাকবন্ধু’ হিসেবে আখ্যায়িত করেন তারেক রহমান। এছাড়া শেখ মুজিবুর রহমান ‘পাকিস্তানি পাসপোর্টে’ দেশে ফিরেছেন বলে অভিযোগ করেন তিনি। এই বক্তব্যের পর তারেক রহমানের বিরুদ্ধে মানহানির অভিযোগে মামলা দায়ের করা হয়।