ডিএসইতে লেনদেনের শীর্ষে ব্যাংকিং খাত

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৪, ১৭:৫০
 
 
 
 
দিনভর ওঠানামার পর বুধবার শেষ পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক প্রায় অপরিবর্তিত রয়ে গেছে। তবে লেনদেনের পরিমাণ আগের দিনের তুলনায় কিছুটা কম।
এ দিকে, গ্রামীণফোনের শেয়ার দর বৃদ্ধির ফলে টেলিকমিউনিকেশন খাতের কোম্পানির শেয়ার দর বেড়েছে ২ দশমিক ৭০ শতাংশ। আর শেয়ার দর হারানোর দিক থেকে সবচেয়ে বেশি দর হারিয়েছে জ্বালানি ও জীবন বিমা খাতের কোম্পানিগুলো।
লেনদেন বিশ্লেষণ করে দেখা গেছে, ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্যাংকিং খাত ঘিরে। এ খাতে লেনদেন হয়েছে ৬৫ কোটি টাকা, যা ডিএসইর মোট লেনদেনের সাড়ে ১৫ শতাংশ।
তথ্যে দেখা গেছে, গতকাল বুধবার ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) কিছুটা কমে ৪ হাজার ৯৪৩ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮২৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪২১ কোটি ৫৯ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে ১২ কোটি ২৬ লাখ টাকা কম। লেনদেনকৃত ৩০৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১১০টির, কমেছে ১৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টি কোম্পানির শেয়ারের।
অপর দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ২ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ২৩৭ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ২৯ কোটি ৯৩ লাখ টাকার, যা আগের দিনের তুলনায় ১৬ কোটি টাকা বেশি। লেনদেনকৃত ২২৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৫টির, কমেছে ১৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানির শেয়ারের।
এ দিকে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে প্রেফারেন্স শেয়ার ইস্যুর মাধ্যমে বাজার থেকে মূলধন উত্তোলনের অনুমোদন পেয়েছে ইউনিয়ন ক্যাপিটাল। বিএসইসির কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়। ইউনিয়ন ক্যাপিটাল প্রতিটি শেয়ারের ১ কোটি টাকা মূল্যমানের ৫০টি প্রেফারেন্স শেয়ার ছাড়ার অনুমোদন পেল। এর মাধ্যমে কোম্পানিটি ৫০ কোটি টাকা উত্তোলন করবে। এ ছাড়া, সজীব নিটওয়্যার অ্যান্ড গার্মেন্টসের মূলধন উত্তোলনের প্রস্তাবও অনুমোদন করা হয়েছে। প্রতিষ্ঠানটি পরিচালক ও শেয়ারহোল্ডারদের নিকট ১০০ টাকা মূল্যে ১২ লাখ ৫০ হাজার সাধারণ শেয়ার নগদ টাকায় ইস্যুর মাধ্যমে ১২ কোটি ৫০ লাখ টাকা উত্তোলন করবে। এর মাধ্যমে কোম্পানিটির পরিশোধিত মূলধন ৮  কোটি টাকা থেকে ২০ কোটি ৫০ লাখ টাকায় উন্নীত হবে।