নিবন্ধিত ৪০টি মধ্যে ৩৮টি দলেরই হালনাগাদ তথ্য নেই নির্বাচন কমিশনে (ইসি)। আইন অনুযায়ী রাজনৈতিক দলের হালনাগাদ তথ্য কমিশনে দাখিলের নিয়ম থাকলেও তা মানা হচ্ছে না। তাই এবার হালনাগাদ তথ্য চেয়ে নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দলকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে ওই সব হালনাগাদ তথ্য পাঠাতে হবে। তবে জামায়াতের নিবন্ধন উচ্চ আদালত অবৈধ ঘোষণা করায় তাদের কোনো চিঠি দেয়নি ইসি।
সোমবার ইসির সহকারী সচিব রওশন আরা স্বাক্ষরিত ওই চিঠি দলগুলোর মহাসচিব বরাবর পাঠানো হয়েছে।
এ বিষয়ে রওশন আরা বলেন, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে বিশেষ প্রতিনিধি মারফত প্রয়োজনীয় কিছু তথ্য কমিশনে পাঠানোর জন্য নিবন্ধিত দলগুলোর মহাসচিবের কাছে অনুরোধ জানানো হয়েছে।
তিনি বলেন, দলের বর্তমান প্রধান কার্যলয়ের ঠিকানা, যোগাযোগের ঠিকানা, ফোন নম্বর ও ই-মেইল, যোগাযোগের জন্য দায়িত্বশীল ব্যক্তিসহ কয়েকটি তথ্য নির্ধারিত ছকে পাঠাতে বলা হয়।
নবম সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া শুরু পর নিবন্ধিত হয় ৪১টি দল। গতবছর হাই কোর্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করলে নিবন্ধিত দলের সংখ্যা দাঁড়ায় ৪০।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, নিবন্ধিত ৪০টি দলের মধ্যে ওয়ার্কার্স পার্টি ও ন্যাশনাল পিপলস পার্টি ছাড়া কোনো দলই তাদের তথ্য হালনাগাদ করেনি। এ অবস্থায় ৩১ ডিসেম্বরের মধ্যে হালনাগাদ তথ্য চেয়ে দলগুলোকে আবারো চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।
