সুদের হার ১০ শতাংশ করার সুপারিশ সংসদীয় কমিটির

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৪, ১২:৩১
 
অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি করতে বিদ্যমান উচ্চ ব্যাংক সুদের হার কমিয়ে ১০ শতাংশে নামিয়ে আনার সুপারিশ করা হয়েছে।
বুধবার সংসদ ভবনে কমিটির সভাপতি ড. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।
কমিটির সদস্য নাজমুল হাসান, টিপু মুন্শি, ফরহাদ হোসেন, মোস্তাফিজুর রহমান চৌধুরী, মো: শওকত চৌধুরী ও আখতার জাহান সভায় অংশগ্রহণ করেন।
সভায় চলমান প্রকল্পগুলোতে সঠিকভাবে অর্থায়ন নিশ্চিত করে নতুন প্রকল্প গ্রহণের সুপারিশ করা হয়।
কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ খাতে স্বল্প সুদহারে ঋণ প্রদানের জন্য বেসরকারী ও সরকারী ব্যাংকগুলোকে কার্যকর ব্যবস্থা গ্রহনের সুপারিশ প্রদান করা হয়।
সভায় বীমা প্রতিষ্ঠান সমূহের কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়। বীমা খাতকে সকল প্রকার নেতিবাচক ধারণা থেকে মুক্তি দিয়ে মানুষের আস্থার পরিবেশ সৃষ্টির জন্য দ্রুত ক্লেইম সেটেলমেন্ট নিশ্চিত করার পরামর্শ দেয়া হয়। এছাড়াও বীমা খাতে বিদ্যমান বীমা এজেন্টদের কমিশনের হার কমানোর সুপারিশ করা হয়।
মানি লন্ডারিং ও বীমা খাতের সকল প্রকার অনিয়ম সঠিকভাবে পর্যবেক্ষণের জন্য কমিটি সদস্য টিপু মুন্শিকে সভাপতি করে তিন সদস্য বিশিষ্ট একটি সাব-কমিটি গঠন করা হয়। কমিটির অন্য দুই সদস্য হলেন মো: শওকত চৌধুরী ও ফরহাদ হোসেন।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্ণরসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।