গবেষণার দায়িত্ব পেল ঢাবি

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৪, ১৯:৫৬
 
ফোর্স ম্যারেজ, বিয়ের বয়স ও সন্তান ধারণের অধিকারসহ সংশ্লিষ্ট বিষয়ে একটি মানসম্মত গবেষণা প্রতিষ্ঠান দিয়ে গবেষণা কার্যক্রম পরিচালনার দায়িত্ব পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন এন্ড জেন্ডার স্ট্রাডিজ বিভাগ।
বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই দায়িত্ব দেয়া হয়।
এই বিভাগের সহযোগী অধ্যাপক ড. সৈয়দ শাইখ ইমতিয়াজকে প্রতিটি জেলার তৃণমূল পর্যায় থেকে গুনগত ও পরিমাণগত তথ্য সংগ্রহ করে একটি গ্রহণযোগ্য ও মানসম্মত গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছে সংসদীয় কমিটি।
বৈঠকে এবারের আন্তর্জাতিক বাণিজ্য মেলায় জয়িতা’র একটি দর্শনীয় ও আকর্ষণীয় প্যাভিলিয়ান নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়।
একইসঙ্গে জয়িতার সকল পণ্য মানসম্মত করার ওপরও গুরুত্বারোপ করা হয়। এলক্ষ্যে সংসদীয় কমিটির জয়িতার কার্যক্রম পরিদর্শনের সিদ্ধান্ত হয়েছে।
কমিটির সভাপতি রেবেকা মমিনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ, সিরাজুল আকবর, মাহাবুব আরা বেগম গিনি, নাসরিন জাহান রত্না, মনোয়ারা বেগম ও ফজিলাতুন নেসা অংশ নেন।