পশ্চিম তীরে বিক্ষোভ চলাকালে ইসরায়েলের সেনাদের সঙ্গে সংঘর্ষের পর ফিলিস্তিনের এক মন্ত্রী মারা গেছেন। রয়টার্সের একজন চিত্রগ্রাহক এ ঘটনার প্রত্যক্ষদর্শী। ফিলিস্তিনের গণমাধ্যমও বিষয়টি নিশ্চিত করেছে।
ঘটনার পর ৫০ বছর বয়সী মন্ত্রী জিয়াদ আবু এইনকে দ্রুত অ্যাম্বুলেন্সে তুলে রামাল্লাহ শহরে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। ফিলিস্তিনি চিকিৎসকরা বিবিসিকে বলেছেন, বিক্ষোভের সময় শ্বাস-প্রশ্বাসের সঙ্গে টিয়ারগ্যাস মিশে তার মৃত্যু হয়েছে।
আবু এইনের মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে এক বিবৃতিতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন, “আবু এইনকে বর্বরোচিত ভাবে হত্যা করা হয়েছে। আমরা এ ঘটনা চুপচাপ মেনে নেব না।”
প্রত্যক্ষদর্শীরা জানান, আবু এইনের নেতৃত্বে ১০০ জনের একটি দল যেখানে বিদেশিরাও ছিল, পশ্চিম তীরে ইসরায়েলের দখল করা এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করতে যাচ্ছিল। একটি চেক পয়েন্টে ইসরায়েলের সেনারা তাদের বাধা দেয়। এক পর্যায়ে সেনারা বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে এবং উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। দুই সেনার সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে এক সেনা আবু এইনের টুটি চেপে ধরে অন্য হাত দিয়ে তার এক হাত ধরে রাখে। এর কয়েক মিনিট পরই আবু এইন অসুস্থ হয়ে পড়ে গেলে সঙ্গে সঙ্গে তাকে অ্যাম্বুলেন্সে তুলে নেয়া হয়। কিন্তু পথেই মারা যান এই মন্ত্রী।
