নিবন্ধিত ৪০টির মধ্যে ৩৮টি দলেরই হালনাগাদ তথ্য নেই নির্বাচন কমিশনে (ইসি)। আইন অনুযায়ী রাজনৈতিক দলের হালনাগাদ তথ্য কমিশনে দাখিলের নিয়ম থাকলেও তা মানা হচ্ছে না। তাই এবার হালনাগাদ তথ্য চেয়ে নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দলকে চিঠি দিয়েছে ইসি। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ইসিকে ওই সব হালনাগাদ তথ্য পাঠাতে হবে। তবে জামায়াতের নিবন্ধন উচ্চ আদালত অবৈধ ঘোষণা করায় তাদের কোনো চিঠি দেয়নি ইসি। গত সোমবার ইসির সহকারী সচিব রওশন আরা স্বাক্ষরিত ওই চিঠি দলগুলোর মহাসচিব বরাবর পাঠানো হয়েছে।
নবম সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া শুরু হলে নিবন্ধিত হয় ৪১টি দল। গতবছর হাইকোর্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করলে নিবন্ধিত দলের সংখ্যা দাঁড়ায় ৪০। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, নিবন্ধিত ৪০টি দলের মধ্যে ওয়ার্কার্স পার্টি ও ন্যাশনাল পিপলস পার্টি ছাড়া আর কোনো দলই তাদের তথ্য হালনাগাদ করেনি।
