ব্যাংক সুদের হার ১০ শতাংশ করার সুপারিশ

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৪, ০০:২০

বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে বিদ্যমান ব্যাংক সুদের হার কমিয়ে ১০ শতাংশে নামিয়ে আনার সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গতকাল বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।

বৈঠকে মানিলন্ডারিংয়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার পরামর্শ দিয়েছে কমিটি। মানি লন্ডারিং এবং বীমা খাতের সব ধরনের অনিয়ম খতিয়ে দেখতে কমিটির সদস্য টিপু মুনিশকে সভাপতি করে তিন সদস্য বিশিষ্ট একটি উপ-কমিটি গঠন করা হয়। কমিটির অন্য দুই সদস্য হলেন- শওকত চৌধুরী ও ফরহাদ হোসেন।  কমিটির সভাপতি ড. আব্দুর রাজ্জাকের সভাপতিত্ব বৈঠকে কমিটির সদস্য- নাজমুল হাসান, টিপু মুনিশ, ফরহাদ হোসেন, মোস্তাফিজুর রহমান চৌধুরী, শওকত চৌধুরী ও আখতার জাহান অংশ নেন।
বিদ্যুত্ দিতে না পারায় অসন্তোষ
দেশে বিদ্যুত্ সংকট নিরসনে সরকার গৃহীত পরিকল্পনাসমূহ বাস্তবায়নে কাঠামোগত বা কারিগরি উন্নয়ন হলেও সামগ্রিকভাবে জনসাধারণ প্রয়োজনীয় বিদ্যুত্ না পাওয়ায় উত্কণ্ঠা প্রকাশ করেছে জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটি। সাধারণ মানুষের বিদ্যুতের দৈনিক চাহিদা পূরণে আরও তত্পর হওয়ার জন্য কমিটি মন্ত্রণালয়কে তাগিদ দিয়েছে। গতকাল সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই তাগিদ দেয়া হয়।
কমিটির সভাপতি শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটি সদস্য মুহিবুর রহমান মানিক, সুবিদ আলী ভূঁইয়া, আব্দুর রউফ ও এডভোকেট নাভানা আক্তার বৈঠকে অংশ নেন।
গবেষণার দায়িত্ব পেল ঢাবি
ফোর্স ম্যারেজ, বিয়ের বয়স ও সন্তান ধারণের অধিকারসহ সংশ্লিষ্ট বিষয়ে একটি মানসম্মত গবেষণা পরিচালনার দায়িত্ব পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন এন্ড জেন্ডার স্ট্রাডিজ বিভাগ। গতকাল সংসদ ভবনে অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই দায়িত্ব দেয়া হয়। এই বিভাগের সহযোগী অধ্যাপক ড. সৈয়দ শাইখ ইমতিয়াজকে প্রতিটি জেলার তৃণমূল পর্যায় থেকে গুনগত ও পরিমাণগত তথ্য সংগ্রহ করে একটি গ্রহণযোগ্য ও মানসম্মত গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছে সংসদীয় কমিটি। কমিটির সভাপতি রেবেকা মমিনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ, সিরাজুল আকবর, মাহাবুব আরা বেগম গিনি, নাসরিন জাহান রত্না, মনোয়ারা বেগম ও ফজিলাতুন নেসা অংশ নেন।
চিড়িয়াখানায় দুর্নীতি
ঢাকা চিড়িয়াখানায় পশু খাদ্য সরবরাহের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতির অভিযোগ পেয়েছে মত্স্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এসব অভিযোড় তদন্তে গঠিত সংসদীয় উপ-কমিটি গতকাল মূল কমিটির বৈঠকে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, পশুদের যথাযথ খাবার দেয়া হয় না। নিম্নমানের এবং কোনো কোনো ক্ষেত্রে খাবার না দিয়েই বিল উত্তোলন করা হচ্ছে।

কমিটির সভাপতি মীর শওকত আলী বাদশার সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য- মত্স্য ও প্রাণী সম্পদ মন্ত্রী ছায়েদুল হক, এইচএম ইব্রাহীম, ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু, খন্দকার আজিজুল হক আরজু, মুহাম্মদ আলতাফ আলী ও সামসুন নাহার বেগম অংশ নেন।