স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, পাঁচ জানুয়ারি নির্বাচন না হলে দেশে সেনা শাসন (মার্শাল ল) জারি হতো। সেই সেনা শাসনের হাত থেকে দেশকে রক্ষা করেছেন শেখ হাসিনা। বিএনপি নেত্রী খালেদা জিয়া সেই নির্বাচন বানচাল করতে না পেরে এখন হুমকি দিচ্ছেন। যতোই হুমকি দেন, ২০১৯ সালের একদিন আগে নির্বাচন হবে না। সেই নির্বাচনে আবারও প্রধানমন্ত্রী হয়ে শেখ হাসিনা হ্যাট্রিক করবেন। গতকাল বুধবার স্থানীয় জিলা স্কুল মাঠে বগুড়া জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন ।
জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক এমপি, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এএইচ এম খায়রুজ্জামান লিটন, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, হাবিবর রহমান এমপি প্রমুখ।
সম্মেলনে মোহাম্মদ নাসিম বলেন, এতোদিন বলা হতো বগুড়া বিএনপির ঘাঁটি; কিন্তু এবার প্রমাণ হয়েছে- বগুড়া এখন শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর ঘাঁটি। আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল বলেই সারা দেশে সম্মেলনের মাধ্যমে দল পরিচালনা করে আসছে।
বিশেষ অতিথি আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সংসদ সদস্য মাহবুব-উল আলম হানিফ বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন না। কারণ প্রকৃত মুক্তিযোদ্ধা কখনো স্বাধীনতা বিরোধীদের প্রতিষ্ঠিত করতে পারে না। আন্দোলনের হুমকির বিষয়ে তিনি বলেন, বিএনপি এখন মিডিয়া বাঘে পরিণত হয়েছে। মিডিয়ার সামনে ছাড়া আর কোথাও তাদের আন্দোলন নেই। তারা মিডিয়ার সামনে বসে বাঘের গর্জন দেয়।
ঘন কুয়াশা ও শীত উপেক্ষা করে বগুড়ার বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার নেতা-কর্মী সম্মেলনে উপস্থিত হয়। বেলা ১২টার মধ্যে সম্মেলনস্থল বগুড়া জিলা স্কুল মাঠ পূর্ণ হয়ে যায়। মাঠে ঢুকতে না পেরে নেতা-কর্মীরা জিলা স্কুলের আশপাশে এবং সাতমাথা চত্বরে অবস্থান নেয়।
নতুন কমিটি
বগুড়া জেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আগের কমিটির সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনুকেই পুনরায় সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে যুগ্ম সম্পাদক পদে আরও তিনজনের নাম ঘোষণা করা হয়।
