বিচারক গোলাম রসুলের মরদেহ দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৪, ১৪:০২



বঙ্গবন্ধু হত্যা মামলার রায় প্রদানকারী ও ঢাকা জেলার সাবেক জেলা ও দায়রা জজ কাজী গোলাম রসুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মৃত্যুর খবর পেয়েই তার মরদেহ দেখতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ছুটে যান প্রধানমন্ত্রী। এ সময় মরহুমের স্ত্রী-কন্যাসহ স্বজনদের সমবেদনা জানান তিনি।

বৃহস্পতিবার সকাল নয়টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭২ বছর বয়সে মারা যান এ বিচারক। পরে এক শোক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, তার মৃত্যুতে দেশ একজন কৃতি সন্তানকে হারালো।

বিচারক গোলাম রসুল স্ত্রী, তিন কন্যা, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ আসর কাকরাইলের সার্কিট হাউজ রোডের টিপটপ জামে মসজিদে নামাজে জানাজা শেষে মরহুমকে বনানী কবরস্থানে দাফন করা হবে।