প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার বঙ্গবন্ধুর ‘ব্লু ইকোনমি’র ধারণা বাস্তবে রূপ দিতে অঙ্গীকারাবদ্ধ। সমুদ্র সম্পদের আহরণ ও সর্বোচ্চ ব্যবহারে সমুদ্র এলাকার সার্বিক নিরাপত্তা গুরুত্বপূর্ণ। এ জন্য প্রয়োজন একটি শক্তিশালী আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী।
পটুয়াখালী কোস্ট গার্ড প্রশিক্ষণ ঘাঁটি সিজি বেইজ অগ্রযাত্রার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, কোস্ট গার্ড বিশাল সামুদ্রিক এলাকা এবং উপকূলীয় অঞ্চলের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। কোস্ট গার্ড সদস্যগণ তাদের নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখে দেশের সামুদ্রিক ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হবেন।
প্রধানমন্ত্রী ঘাঁটিটির কমান্ডেন্ট ক্যাপ্টেন কায়সারুল আলমের কাছে কমিশনিং সার্টিফিকেট হস্তান্তর করেন। তিনি এর নামফলকও উন্মেচন করেন।
কুয়াশার কারণে প্রধানমন্ত্রীর ঢাকা থেকে উপকূলীয় এই জেলায় পৌঁছতে প্রায় তিন ঘণ্টা বিলম্ব হয়।
তিনি বলেন, বাংলাদেশের মূল ভূখণ্ডের প্রায় সমপরিমাণ হচ্ছে সমুদ্র এলাকা। সমুদ্র সম্পদের ওপর দেশের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সমুদ্র সীমা সম্পর্কিত বিরোধ নিষ্পত্তির পটভূমিতে কোস্ট গার্ডের গুরুত্ব আরো বেড়েছে।
প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেক সংস্থার জন্য প্রশিক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। এজন্য সরকার সকল ক্ষেত্রে প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেছে। এই ঘাঁটির উদ্বোধনের মাধ্যমে কোস্ট গার্ডের ক্রমাগত উন্নয়নে আরেক ধাপ অগ্রগতি হলো। খবর বাসস।
