বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘বর্তমানে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব চরম সংকটাপন্ন। গণতন্ত্রকে কবরে পাঠানো হয়েছে। আধিপত্যবাদ আজও ডানা বিস্তার করে রেখেছে। ৫ জানুয়ারির তামাশার নির্বাচন করে গণতন্ত্রবিনাশী আধিপত্যবাদী শাসকশ্রেণি জনমতকে রক্তাক্ত পন্থায় দমন করে ক্ষমতা জবরদখল করে রেখেছে।’
মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
খালেদা জিয়া বলেন, ‘৫ জানুয়ারির তামাশার নির্বাচন করে গণতন্ত্রবিনাশী আধিপত্যবাদের শিখণ্ডী উত্পীড়ক শাসকশ্রেণী জনমতকে রক্তাক্ত পন্থায় দমন করে ক্ষমতা জবরদখল করে রেখেছে। আমাদের জাতীয় স্বাধীনতার প্রথম তুর্যবাদক মওলানা ভাসানীর উদ্যম ও সাহসিকতাকে আঁঁকড়ে ধরে রাখতে পারলেই আগ্রাসি শক্তিকে আমরা রুখতে সক্ষম হব ইনশা আল্লাহ্।’
তিনি বলেন, ব্রিটিশ ঔপনিবেশিক আমল থেকে শুরু করে স্বাধীনতিউত্তর বাংলাদেশে সকল স্বৈরশাসকের অপশাসনের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা এবং দেশের গণতন্ত্র ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় দেশপ্রেমিক মজলুম জননেতা মরহুম মওলানা ভাসানীর অবদান নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।
খালেদা জিয়া বলেন, রাজনৈতিক জীবনে তিনি আজীবন শোষিতের পক্ষ নিয়ে শাসকগোষ্ঠীকে দিকনির্দেশনা দিয়ে গেছেন। দেশ ও জনগণের জন্য নিবেদিত প্রাণ মরহুম আবদুল হামিদ খান ভাসানীর বলিষ্ঠ ও সাহসী ভূমিকা আমাদের চিরদিন একটি শক্তিশালী, আত্মনির্ভশীল দেশ, সমাজ বিনির্মাণে প্রেরণা ও উত্সাহ যোগাবে।
