‘আইনি সুযোগ না দিয়ে সরকার আমার পিতাকে হত্যা করেছে’

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৪, ১৯:২৪
 
 
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ছেলে হাসান জামিল অভিযোগ করে বলেছেন, ‘যথেষ্ট আইনি সুযোগ না দিয়ে সরকার ফাঁসি কার্যকরের নামে আমার পিতাকে হত্যা করেছে।’ তিনি বলেন, ‘আমার বাবা মৃত্যুর আগে জেনে যেতে পারলেন না—তাকে রিভিউ করার সুয়োগ দেয়া হয়েছিল কিনা। রিভিউ খারিজ করার সাথে সাথে সরকার ফাঁসির রায় কার্যকর করেছে। কিন্তু ৩৪৮ দিন পর রিভিউর রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ পায় এবং তাতে দেখা গেল— তাতে রিভিউ করার সুযোগও দেয়া হয়েছে।’ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে কাদের মোল্লার পরিবারের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে হাসান জামিল এ সব কথা বলেন। মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ১২ ডিসেম্বর কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর করে সরকার।
হাসান জামিল বলেন, ‘মৃত্যুদণ্ড কার্যকরের পর আমার বাবাকে একবারের জন্য দেখারও সুযোগ দেয়নি সরকার। এমনকি বাবার জানাযায়ও আমাদের অংশ গ্রহণও করতে দেয়নি। বাবার সঙ্গে শেষ বারের মতো দেখা করা এবং জানাযার সুযোগ না দিয়ে সরকার আমাদের প্রতি জুলুম করেছে। আমাদের পরিবারে প্রতি করা জুলুমের বিচারের ভার জনগণের ওপর ছেড়ে দিলাম।
এ সময় উপস্থিত ছিলেন কাদের মোল্লার স্ত্রী সানোয়ার জাহান, আইনজীবী অ্যাডভোকেট ফরিদ উদ্দিন আহমেদ, আইনজীবী সমিতির সাবেক সহসভাপতি সাইফুর রহমান প্রমুখ।