চেক জালিয়াতির মাধ্যমে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ব্যাংক অ্যাকাউন্ট থেকে তিন কোটি টাকা আত্মসাতের চেষ্টার অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কশিমন (দুদক)। বৃহস্পতিবার কমিশন এ অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে অভিযোগটি অনুসন্ধানের জন্য দুদকের এক কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে কমিশন। অনুসন্ধান কর্মকর্তাকে দ্রুত অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের নির্দেশও দেয়া হয়েছে।
দুদক সূত্র জানায়, এন ইসলাম এন্টারপ্রাইজ নামক একটি প্রতিষ্ঠান সেতু কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ওই অর্থ উত্তোলনের অপচেষ্টা করে। প্রতিষ্ঠানটি ব্যাংক এশিয়া লিমিটেডের বনানী শাখায় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নামে পরিচালিত অ্যাকাউন্ট (অ্যাকাউন্ট নম্বর-০১২৩৬০৫০৬৭১) থেকে তিন কোটি টাকা উত্তোলনের অপচেষ্টা করে। যাচাই-বাছাই শেষে এ অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। শিগগিরই অভিযোগ অনুসন্ধানে কর্মকর্তা নিয়োগ করা হবে।
