আন্দোলনে এ সরকারের পতন হবে না: পানিসম্পদ মন্ত্রী

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৪, ২১:৪৬
 
 
 
 
জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য ও পানিসম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, ‘আন্দোলন করলেই সরকার পতন হয় না। ১৯৯০ সালেও আন্দোলন করে এরশাদের পতন ঘটানো যায়নি। তখন আমরা স্বেচ্ছায় ক্ষমতা ছেড়েছিলাম। এবারও আন্দোলন করে এ সরকারের পতন ঘটানো যাবে না।’ বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন (আইডিইবি) মিলনায়তনে ঢাকা মহানগর (দক্ষিণ) জাপার বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ব্যারিস্টার আনিস বলেন, ‘বর্তমান বিরোধীদল জাপা সরকার পতনের জন্য নয়, আন্দোলন করবে জনস্বার্থ রক্ষার্থে। পহেলা জানুয়ারির মহাসমাবেশ থেকে এরশাদ সেই আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন। সে দিন থেকে জাপার রাজনীতিতে নতুন মেরুকরণ সৃষ্টি হবে।
সভায় সভাপতিত্বকারী ঢাকা মহানগর (দক্ষিণ) জাপা আহ্বায়ক সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেন, ‘গ্যাস-বিদ্যুতের দাম বাড়ালে সরকারবিরোধী আন্দোলন গড়ে তোলা হবে। সরকার যদি মনে করে— জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডেও আমরা বিরোধিতা করব না, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছেন।’
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জহিরুল আলম রুবেল, সুলতান মাহমুদ, মীর আজগর আলী, রফিকুল ইসলাম, নাসরিন চৌধুরী মঞ্জু, সুজন দে প্রমুখ।