ঘুরে দাঁড়াতে চায় নিউজিল্যান্ড

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৪, ২১:৪৮
 
নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলয়ামসন বলেছেন, শনিবার শারজাহতে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা তার দলের আছে।
 সোমবার দুবাইতে অনুষ্ঠিত প্রথম ম্যাচে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ের মুখে পড়ে পাকিস্তান। তবে শুরুর বিপর্যয় কাটিয়ে শেষ পর্যন্ত প্রথম ম্যাচে ৩ উইকেটে জয়ী হয়ে পাঁচ ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে পাকিস্তান। কিউই দলের নেতৃত্ব দেয়া উইলিয়ামসনের আশা প্রথম ওয়ানডের ভুল থেকে শিক্ষা গ্রহণ করেছে তার দল। বৃহস্পতিবার উইলিয়ামসন বলেন, ‘ঘুরে দাঁড়ানোটা গুরুত্বপূর্ণ। অতীতে এই সফরে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে আমরা এমনটা করেছি।’

প্রথম ম্যাচে পরাজিত হয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় ম্যাচ ড্র করার পর তৃতীয় ম্যাচ জিতে তিন টেস্টের সিরিজ ১-১ ব্যবধানে ড্র করতে সমর্থ হয় নিউজিল্যান্ড। একইভাবে টি-টোয়েন্টিতে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত দুই ম্যাচের সিরিজ ড্র করে ব্ল্যাক ক্যাপসরা। প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাউন্সারে আঘাত পাওয়া অলরাউন্ডার কোরি অ্যান্ডারসন প্রথম ওয়ানডে ম্যাচে খেলতে পারেননি। এ ছাড়া কুঁচকির ইনজুরির কারণে প্রথম ওয়ানডে মিস করেন ওপেনার মার্টিন গাপটিলও। দ্বিতীয় ম্যাচে তাদের খেলা নিয়ে আজ সকালে সিদ্ধান্ত নেয়া হবে।
এদিকে, মঙ্গলবার অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ থেকে মুক্তি পাওয়ার পর আবারো বোলিং করাটা উপভোগ্য হবে বলেন উইলয়ামসন। নিউজিল্যান্ডের অধিনায়কটি বলেন, ‘একজন বোলার হিসেবে ফিরতে পারাটা বেশ আনন্দের।’

দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ড বিপজ্জনক হতে পারে স্বীকার করেন পাকিস্তান অধিনায়ক মিসবাহ উল হক। তিনি বলেন, ‘নিউজিল্যান্ড ভাল ক্রিকেট খেলছে এবং গত দুই-তিন বছরে তাদের যথেষ্ট উন্নতি হয়েছে। এই সফরে তারা যেভাবে খেলছে তাতে তাদেরকে হারাতে হলে আমাদের সেরাটা খেলতে হবে।’ দলের পেস বোলাররা আবারো একবার ভাল করবে আশা করছেন মিসবাহ।