তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, ‘খালেদা জিয়ার প্রতি কোনো অত্যাচার করা হচ্ছে না। সরকার এবং প্রশাসন যদি স্বৈরাচার হত, যদি আইন নিজের হাতে তুলে নিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করত, তবে খালেদা জিয়ারতো দশবার ফাঁসি হয়ে যেত।’
পরিচালনা পরিষদের সভাপতি হিসেবে কুষ্টিয়ার ভেড়ামারা কলেজের শিক্ষক নিয়োগ পরীক্ষা কার্যক্রম পরিদর্শনে এসে শুক্রবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
হাসানুল হক ইনু আরো বলেন, ‘জনগণ চাইলে সরকার খোদা হাফেজ বলে বিদায় নেবে। কিন্তু বেগম খালেদা জিয়ার ধমকে নিয়মতান্ত্রিক সরকার পদত্যাগ করবে না।’
তিনি বলেন, ‘বিএনপি নেতা-কর্মীদের প্রতি অত্যাচার করা হচ্ছে এটি ডাহা মিথ্যা কথা। শুধু যখন খালেদা জিয়া আন্দোলনের হুঙ্কার দিয়ে বোমা হাতে মানুষ লেলিয়ে দেয়, সেই মিছিলকে সর্তকতার সঙ্গে দেখা হয়।’
এ সময় ভেড়ামারা কলেজের অধ্যক্ষ শামছুল বারী, জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপন, ভেড়ামারা প্রেস ক্লাবের সভাপতি ও কলেজের শিক্ষক জাহাঙ্গীর হোসেন জুয়েলসহ শিক্ষক-কর্মকর্তা কর্মচারীরা ও জাসদ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তথ্যমন্ত্রী আরো বলেন, ‘জামায়াত ইসলামী যুদ্ধাপরাধীর একটি স্বীকৃত দল। তারা ঘোষণা দিয়ে যুদ্ধাপরাধীদের সঙ্গে মিলেছিল। যুদ্ধাপরাধী দল হিসেবে তাদের বিরুদ্ধে একটা মামলা আছে, সেই মামলা এখনো চলছে। সেই মামলার অগ্রগতির ওপর নির্ভর করছে জামায়াতে ইসলামী কখন কীভাবে নিষিদ্ধ হবে। দিনক্ষণ দিয়ে বলা যাবেনা। আর তাই স্বাধীন এই বাংলাদেশে যুদ্ধপরাধীদের এক চুলও ছাড় দেয়া হবেনা।’
বিএনপি চেয়ারপারসন সম্পর্কে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ইনু বলেন, ‘খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালে চুরি, দুর্নীতি, লুটপাট করেছে, বিদেশে টাকা পাচার করেছে। তার বিরুদ্ধে মামলা আছে এবং দীর্ঘ ৬ বছর ধরে এখনো মামলা ঝুলছে। আমরা সেই মামলায় কোনো হস্তক্ষেপ করছি না। আমরা তো বলিনি বেগম খালেদা জিয়াকে জামিন না দিয়ে জেলে পুরে রাখেন।’
