মুক্তির পর হংকংয়ে মিডিয়া টাইকুনের পদত্যাগ

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৪, ১৬:৪৮
 
 
 
হংকংয়ে মিডিয়া টাইকুন হিসেবে খ্যাত জিমি লেই জনপ্রিয় সংবাদপত্র অ্যাপল ডেইলির সম্পাদক পদ থেকে ইস্তফা দিয়েছেন। শহরের প্রাণকেন্দ্রে আন্দোলনরত গণতন্ত্রকামী লোকজন  বিক্ষোভস্থল থেকে সরে যেতে অস্বীকৃতি জানালে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। আর এরই জের ধরে পদত্যাগ করেন লেই। স্থানীয় সময় শুক্রবার রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর জানায়। খবর আল-জাজিরার।
শহরটির বাণিজ্যিক কেন্দ্রে চীন নিয়ন্ত্রিত সরকারের বিরুদ্ধে গত দুই মাসেরও বেশি সময় ধরে বিক্ষোভ চালিয়ে আসছে বিক্ষোভকারীরা। আর গণতন্ত্রপন্থী এ বিক্ষোভে সামনের সারিতে থেকে প্রতিবাদ জানান বেইজিংবিরোধী লেই। তিনি চীনের একজন কট্টর সমালোচক। আন্দোলনকে বেগবান করতে  বিক্ষোভকারীদের প্রয়োজনীয় অর্থ সহায়তা দিয়েছেন তিনি। বৃহস্পতিবার আন্দোলনকারীরা বিক্ষোভস্থল ত্যাগ করতে না চাইলে পুলিশ প্রায় আড়াই শ কর্মীকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে লেইও আটক হন।
রাষ্ট্রীয় গণমাধ্যম আরটিএইচকে জানিয়েছে, লেইসহ আটক সবাইকে মুক্ত করে দেয়া হয়েছে।  এর পরই সম্পাদকের পদ থেকে সরে দাঁড়ান এই ধনকুবের।  এ দিকে, বিক্ষোভকারীদের হটিয়ে দেওয়ার পর বৃহস্পতিবার রাত থেকেই অ্যাডমিরাতি এলাকায় যানবাহন চলাচল সচল করা হয়েছে। বহুমুখী রাস্তাগুলো খুলে দেয়া হয়েছে।