মিস ওয়ার্ল্ড ২০১৪- এর চূড়ান্ত পর্বে অংশ নিতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সুন্দরীরা লন্ডনে এসে জড়ো হয়েছেন। মিস হন্ডুরাসের হত্যার ঘটনায় এবারের বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার এই আয়োজনে শোকের কালো ছায়া পড়েছে। খবর এএফপি’র।
আলবেনিয়া থেকে জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া থেকে আমেরিকা বিশ্বের প্রায় ১২১টি দেশের সুন্দরীরা এই প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে এবার হন্ডুরাস থেকে কেউ প্রতিনিধিত্ব করছেন না।
মিস হন্ডুরাস মারিয়া জোসে আলভারাদো এক বন্দুকধারীর গুলিতে নির্মমভাবে নিহত হন। এই হন্ডুরাস সুন্দরীর মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশ নেয়ার কথা ছিল।
১৯ বছর বয়সী দেশের সুন্দরী খেতাবধারী ও তার ২৩ বছর বয়সী বোন সোফিয়া ত্রিনিদাদোর মৃতদেহ সান্তা বারবারা নগরীর উত্তর পশ্চিমাঞ্চলে একটি প্রত্যন্ত এলাকার নদীর তীরে পাওয়া যায়। তাদের মৃতদেহ মাটিতে পুঁতে রাখা হয়েছিল। যে দিন এই সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিতে তার লন্ডনে যাবার কথা ছিল তার মাত্র এক দিন আগে তাদের মৃতদেহ পাওয়া যায়।
অশ্রু সজল চোখে সুন্দরী প্রতিযোগীরা লন্ডনে মারিয়ার স্মরণে আয়োজিত একটি বিশেষ স্মরণ অনুষ্ঠানে যোগ দেন।
এ সময় তারা মারিয়ার একটি ছবির সামনে মোমবাতি হাতে দাঁড়িয়ে নিজ নিজ ভাষায় প্রার্থনা করেন।
মিস ওয়ার্ল্ডের চেয়ারওম্যান জুলিয়া মর্লি বলেন, আমরা এই দুই তরুণীর মৃত্যুতে গভীরভাবে মর্মাহত।
প্রতিযোগিতার আয়োজকরা ঘোষণা করেন, নতুন মিস ওয়ার্ল্ড মারিয়া ও সোফিয়ার শহরে তাদের সম্মানে একটি স্কুল নির্মাণ করতে হন্ডুরাস যাবেন।
পুলিশ এই ঘটনার জন্য সোফিয়ার প্রেমিককে অভিযুক্ত করে জানায়, সোফিয়া একটি পার্টিতে অপর এক লোকের সঙ্গে নাচায় হিংসার বশবর্তী হয়ে প্রেমিক দুই বোনকে হত্যা করে।
বয়ফ্রেন্ডকে মৃতদেহ দুইটি মাটিতে পুঁতে রাখতে সহায়তার অভিযোগে আরো তিন লোককে আদালতে হাজির করা হয়।
