সারদা কেলেঙ্কারিতে এবার গ্রেফতার পরিবহন মন্ত্রী

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৪, ০০:৪৯

সারদা আর্থিক কেলেঙ্কারি এবং আর্থিক প্রতারণায় যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার হলেন পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির মন্ত্রিসভার পরিবহন মন্ত্রী মদন মিত্র। গতকাল কলকাতায় তাকে গ্রেফতার করেছে ভারতের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই। এই গ্রেফতার বিজেপির প্রতিহিংসার রাজনীতির বহিঃপ্রকাশ বলে জানিয়েছে তৃণমূল কংগ্রেস।

এর আগে এই কেলেঙ্কারিতে তৃণমূলের দুই এমপি কুণাল ঘোষ এবং সঞ্জয় বসুকেও গ্রেফতার করেছে সিবিআই। সন্দেহভাজন তালিকায় রয়েছেন তৃণমূলের আরো কয়েকজন নেতা।
সিবিআই সূত্র জানায়, মদন মিত্র তদন্তকারীদের একাধিক প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন। প্রমাণ দেখানোর পরও তা অস্বীকার করেন তিনি। এরপরই তাকে গ্রেফতার করা হয়। গতকাল সকালে প্রথম দফায় প্রায় আড়াই ঘণ্টা জেরা করা হয়। সিবিআই সূত্র জানায়, পরিবহন মন্ত্রীর উত্তরে তদন্তকারীরা সন্তুষ্ট হতে পারেননি। তাই প্রথম দফার জেরায় পাওয়া তথ্যের ভিত্তিতেই তাকে দ্বিতীয় দফা জেরা করা হয়। দ্বিতীয় দফায় প্রায় দেড় ঘণ্টা জেরার পর বিকালে তাকে গ্রেফতার করা হয়।
গত বছরের এপ্রিলে সারদা আর্থিক কেলেঙ্কারি প্রকাশ্যে আসে। ১৭ লাখ আমানতকারী প্রতারিত হয়েছেন। অভিযোগ প্রায় ২ হাজার কোটি রুপির কেলেঙ্কারি হয়েছে।
সারদার কর্মকর্তা সুদীপ্ত সেনের কাছ থেকে ব্ল্যাকমেল করে টাকা নেয়ার অভিযোগে গ্রেফতার করা হয় মদনকে। এর আগে তৃণমূলের দুই এমপি কুণাল ঘোষ, সঞ্জয় বসু এই মামলায় গ্রেফতার হয়েছেন। কুণালকে গ্রেফতার করেছিল সারদা কেলেঙ্কারির তদন্তে গঠিত রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল (সিট)। তার আগেই অবশ্য তৃণমূল থেকে সাসপেন্ড হয়েছিলেন কুণাল। পরে সিবিআই তাকে নিজেদের হেফাজতে নেয়।  বর্তমানে তিনি জেলে রয়েছেন। সঞ্জয়কে গ্রেফতার  করে সিবিআই। এছাড়াও তৃণমূল নেতা তথা রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি রজত মজুমদারকেও গ্রেফতার করে সিবিআই। কিন্তু এই কেলেঙ্কারির ঘটনায় রাজ্যের কোন মন্ত্রীর গ্রেফতার হওয়ার ঘটনা এই প্রথম। সারদা রিয়েলটি মামলায় মদনকে গ্রেফতার করা হয়েছে।
সাংবাদিক সম্মেলনে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জি জানিয়েছেন, ‘প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি। তাই আমাদের হেয় করতে একের পর এক নেতা, মন্ত্রীকে গ্রেফতার করা হচ্ছে।

তৃণমূল নেত্রী মমতা একবার বলেছিলেন, “কুণাল চোর, টুম্পাই (সঞ্জয়) চোর, মদন চোর, মুকুল চোর, আমি চোর! আর ওরা সবাই সাধু!” মমতার উল্লিখিত নামগুলোর তিনজনই সারদা কেলেঙ্কারি মামলায় গ্রেফতার হলেন। কিছুদিন আগেই আবার মুখ্যমন্ত্রী বলেছিলেন, মুকুল চোর,মদন চোর, আমি বিশ্বাস করি না।