আন্দোলন করে সরকার হটানোর সামর্থ্য বিএনপির নেই-------ওবায়দুল কাদের

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৪, ০১:১৫

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলন করে সরকার হটানোর সামর্থ্য বিএনপির নেই। তবে আন্দোলনের নামে সহিংসতা হলে ছাড় দেবে না সরকার। শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ছাত্রলীগ আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় তিনি আরো বলেন, সীমানা জটিলতা দূর করে আগামী কয়েক মাসের মধ্যেই ঢাকা সিটি করপোরেশন নির্বাচন দেয়া হবে। কিন্তু তারা (বিএনপি) আগে থেকেই নির্বাচনে অংশগ্রহণ না করার আভাস দিচ্ছে।

ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্র নয় বরং বিএনপির আন্দোলনের কফিন কবরে গেছে। জনগণের জানমাল রক্ষার্থে কঠোর হাতে আন্দোলনের নামে সব নৈরাজ্য মোকাবেলা করা হবে। তিনি বলেন, বিএনপি আর আন্দোলন করতে পারবে না। কারণ বিএনপি আজ দল হিসেবে চরম সংকটে। ওবায়দুল কাদের বলেন, যে দলের নেতারা আন্দোলনের ডাক দিয়ে মাঠেই নামে না তারা আবার কিভাবে আন্দোলন করবে?
দল ক্ষমতায় থাকলেও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্বাধীনতাবিরোধী ছাত্র সংগঠনকে হটিয়ে শক্ত অবস্থান তৈরি করতে না পারায় ছাত্রলীগ নেতাদের সমালোচনা করে সেতুমন্ত্রী বলেন, গত ২৮ বছর ধরে চট্টগ্রাম কলেজ, মহসীন কলেজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কাদের দখলে, ছাত্রলীগের বর্তমান নেতাদের প্রশ্ন করতে চাই। এর মধ্যে ১১ বছর ধরে তো আওয়ামী লীগ ক্ষমতায়।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওমর শরীফের পরিচালনায় সভায় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক আব্দুল মান্নান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. নুজহাত চৌধুরী, বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ প্রমুখ।