‘খুন গুম দুর্নীতির দায় নেবে না জাতীয় পার্টি’

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৪, ১৭:১৩
 
জাতীয় পার্টির (জাপা) মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, কৌশলগত কারণে আমরা সরকারে আছি। সরকারের পার্টনার হিসেবে নয়।  এ জন্য  সরকারের খুন, গুম, অপহরণ, দুর্নীতির দায় নেবে না জাতীয় পার্টি।
তিনি বলেন, সরকার গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে। দাম বাড়ানো হলে জাতীয় পার্টি ঘরে বসে থাকবে না। যে দিন থেকে থেকে দাম বাড়ানো হবে সেদিন থেকেই জাতীয় পার্টি রাস্তায় নামবে।
রাজধানীর বনানীতে দলের চেয়ারম্যান এইচএম এরশাদের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বাবলু শনিবার সকালে এ কথা বলেন।
দলের পক্ষে বাবলু বলেন, রাজপথে আন্দোলন করে সরকার পতনে বিশ্বাসী নয় জাতীয় পার্টি। আমরা গণতান্ত্রিক পন্থায় ক্ষমতা হস্তান্তরে বিশ্বাসী। এ জন্য সংবিধান অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি।
সংবাদ সম্মেলনে পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সাল চিশতি, এমএ হান্নান, অ্যাডভোকেট সালমা ইসলাম, যুগ্ম মহাসচিব রেজাউল করিম ভূইয়া প্রমুখ উপস্থিত ছিলেন। 
আগামী ১ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ সামনে রেখে পার্টির প্রস্তুতি কমিটির ঘোষণা উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।