তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, মিথ্যাচার ও তথ্য বিকৃতির বিরুদ্ধে গণমাধ্যমকে অত্যন্ত বলিষ্ঠভাবে ভূমিকা রাখতে হবে। গণমাধ্যম মাঝে-মধ্যেই হলুদ সাংবাদিকতা বা ভারসাম্যের সংবাদ পরিবেশন করে থাকে। এমনকি রাজাকার ও স্বৈরাচারের পক্ষাবলম্বন করতে গিয়ে বঙ্গবন্ধুর হত্যাকেও অনেকে সমর্থন করে থাকে।
বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) সেমিনার কক্ষে ‘সরকারি জনসংযোগ ও গণমাধ্যম’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা জয়নাল আবেদিন ও ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত। সভাপতিত্ব করেন পিআইবি’র মহাপরিচালক শাহ আলমগীর।
তথ্য অধিদপ্তরের সহযোগিতায় (পিআইডি) এ কর্মশালার আয়োজন করে পিআইবি।
