পুলিশ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে: আইজিপি

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৪, ১৮:১৩
 
 
 
 
আইজিপি হাসান মাহমুদ খন্দকার বলেছেন, ‘জননিরাপত্তা বিধানের পাশাপাশি দেশের সকল প্রয়োজনে পুলিশ সদস্যরা নিষ্ঠা নিয়ে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে। গত বছর রাষ্ট্রবিরোধী অপতত্পরতা প্রতিরোধে দেশপ্রেমে উদ্বুদ্ধ আমাদের ১৭ জন সদস্যকে আত্মাহুতি দিতে হয়েছে। আগামীতেও সুষ্ঠু আইন-শৃঙ্খলা বজায় রাখতে আমরা বদ্ধপরিকর।’ শনিবার সকালে রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির ৩২তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য দানকালে তিনি এ কথা বলেন।
পুলিশ প্রধান বলেন, ‘বাংলাদেশ পুলিশের মতো একটি সেবাধর্মী সংগঠনের জন্য অবসরপ্রাপ্ত প্রজ্ঞাবান ব্যক্তিদের অভিজ্ঞতালব্ধ পরামর্শ ও সহযোগিতার প্রয়োজন রয়েছে।’ এ সময় তিনি পুলিশিংয়ের ক্ষেত্রে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের বিজ্ঞচিত পরামর্শ প্রদান ও স্বতঃস্ফূর্ত সহযোগিতার অনুরোধ জানান।
‘বর্তমানে পুলিশ বাহিনীতে তরুণ মেধাবীরা যোগদান করছে’ উল্লেখ করে আইজিপি বলেন, ‘নবীনদের সুশিক্ষিত এবং পেশার প্রতি প্রতিশ্রুতিশীল করে গড়ে তোলার কাজে প্রবীণ কর্মকর্তাদের সহযোগিতার প্রয়োজন রয়েছে।’
সমিতির সভাপতি ড. এম এনামুল হকের সভপতিত্বে অনুষ্ঠানে এম সহীদুল ইসলাম চৌধুরী এবং তাজুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
অনুষ্ঠানে কমিউনিটি পুলিশিংয়ের ক্ষেত্রে অবদান রাখার জন্য এসআই মিহির কুমার পাল, এসআই মো. নুরুন্নবী, এসআই মো. মিজানুর রহমানকে ‘এস এম আহসান উল্ল­া পুরস্কার’ প্রদান করা হয়। নির্যাতিত নারী ও শিশুর সুরক্ষা এবং সমাজ সেবায় অবদানের জন্য ইন্সপেক্টর আফরোজা আক্তারকে ‘প্রফেসর অনামিকা হক লিলি ও ড. এনামুল হক অ্যাওয়ার্ডে’ ভূষিত করা হয়। এ ছাড়া, সমিতির বয়ঃজ্যেষ্ঠ সদস্যদের সম্মাননা জানানো হয়। আইজিপি তাদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন।