নিটওয়্যার পোশাক খাতের জন্য কমপ্লায়েন্ট সম্পন্ন কারখানা স্থাপনের লক্ষ্যে নারায়ণগঞ্জের শান্তিরচর এলাকায় ১ হাজার একর জমিতে নিট পোশাক পল্লি গড়ে তোলা হবে। শনিবার রাজধানীর একটি হোটেলে নিটওয়্যার গার্মেন্টস মালিকদের সংগঠন বিকেএমইএর এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এ ঘোষণা দেন। বর্তমানে মুন্সিগঞ্জের বাউশিয়াতে গার্মেন্টস পল্লি গঠনের কাজ চলমান রয়েছে। এটির দেখভাল করছে বিজিএমইএ। তবে দীর্ঘদিন থেকেই নিট পোশাকের জন্য আলাদা পল্লি দাবি করে আসছিলেন এ খাতের উদ্যোক্তারা।
বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ২৫ হাজার ক্রেতার (বায়ার) নাম ও ঠিকানাসহ একটি ডাইরেক্টরি প্রকাশ করেছে বিকেএমইএ। শনিবার এ ডাইরেক্টরির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। সংগঠনের সভাপতি সেলিম ওসমানের সভাপতিত্বে এ সময় শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমানসহ এ খাতের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
এ সময় নিটওয়্যার খাতের উদ্যোক্তারা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। সেলিম ওসমান বলেন, ‘আমাদের অন্যতম সমস্যাগুলোর মধ্যে রয়েছে পানি, বিদুত্ ও গ্যাস সংকট। তবে গ্যাস সংকটই অন্যতম সমস্যা। গ্যাসের সংকটের কারণে উত্পাদন ক্ষমতার ৪০ শতাংশ ব্যবহার করা যাচ্ছে না।’ এ সময় তিনি বলেন, ‘নারায়ণগঞ্জেই অধিকাংশ নিটওয়ার কারখানা রয়েছে। যেখানে সাত লাখ শ্রমিক কাজ করে। সেখানে একটি ফায়ার সার্ভিস স্থাপন করা জরুরি।’
সংসদ সদস্য শামিম ওসমান এলাকায় একটি হাসপাতাল স্থাপনেরও দাবি জানান ।
এ সময় আলোচনায় অংশ নিয়ে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেন, ‘এ খাতের মালিক-শ্রমিকের মধ্যে এখনো কিছুটা দূরত্ব রয়ে গেছে। এ দূরত্ব কমাতে হবে।
উল্লেখ্য, ‘গ্লোবাল বায়ার্স ইনফরমেশন ডাইরেক্টরি’ নামে প্রকাশিত বইটিতে পৃথিবীর ১৬০টি দেশের ২৫ হাজারের অধিক বায়ারের ঠিকানা এবং ব্যবসা সংক্রান্ত তথ্য রয়েছে। বইটিতে ইউরোপ ও আমেরিকার দেশগুলোর পাশাপাশি ল্যাটিন আমেরিকা, রাশিয়া, জাপান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, এশিয়া ও আফ্রিকা মহাদেশের সম্ভাবনাময় দেশগুলোর আমদানি পরিসংখ্যান, মূল আমদানিকৃত পণ্যের তালিকা, শুল্ক ও অশুল্ক বাধা সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়া হয়েছে।
