আউট সোর্সিং নিয়োগ বাতিলের দাবি চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৪, ১৯:২৯
 
 
 
সরকারের বিভিন্ন বিভাগ-সংস্থায় আউট সোর্সিং নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি। রাজধানীর তোপখানা সড়কে শহীদ আসাদ মিলনায়তনে সমিতির জাতীয় উপদেষ্টা পরিষদের এক সভায় এই দাবি জানানো হয়।
সমিতির সভাপতি আব্দুল হকের সভাপতিত্বে সভায় বেতন বৈষম্য দূর করতে ১:৫ হারে বেতন স্কেল বাস্তবায়ন, চতুর্থ শ্রেণির কর্মচারীদের হ্রাসকৃত মূল্যে রেশন প্রদান, সাজ-পোশাক বাবদ তিন মাসের অর্থ বেতনের সঙ্গে দেয়ার এবং যাতায়াত, ধোলাই ও টিফিন ভাতা বৃদ্ধির দাবি জানানো হয়। এ ছাড়া, সচিবালয়ের বাইরের চতুর্থ শ্রেণির কর্মচারীদের সিলেকশন গ্রেড প্রদানসহ সমন্বয় পরিষদের পাঁচ দফা দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান সমিতির নেতারা। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন— সমিতির সাধারণ সম্পাদক এম এ হান্নান, সমন্বয় পরিষদের মহাসচিব নোমানুজ্জামান আল আজাদ ও যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সেলিম ভূঁইয়া প্রমুখ।