বিএনপি আন্দোলনের নামে ফাঁকা আওয়াজ দিচ্ছে: সুরঞ্জিত

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৪, ২১:৪০
 
 
 
 
 
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, আন্দোলনের নামে ফাঁকা আওয়াজ দিয়ে যাচ্ছে বিএনপি। এতগুলো দলছুট নেতা নিয়ে যে দল গঠিত তাদের নিয়ে আন্দোলন করা যাবে না। আন্দোলন-সংগ্রাম না করে দল গোছানোর জন্য বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান তিনি।
শনিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচাস্থ বীর উত্তম খাজা নিজাম উদ্দিন মিলনায়তনে বিজয়ের ৪৩ বছর উদযাপন উপলক্ষে ‘বাংলাদেশ স্বাধীনতা লীগ’ আয়োজিত ‘বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বিএনপি শুধু আন্দোলনের কথাই বলে যাচ্ছে। কিন্তু তাদের আন্দোলন করার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তারা আগে বলেছেন, এর পরে আন্দোলন, ওর পরে আন্দোলন। এক সময় বললো ঈদের পরে আন্দোলন। ঈদের পর কিছুই হলো না। এখন বলছে আগামী জানুয়ারিতে আন্দোলন।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, আগামী দুই থেকে তিন মাসের মধ্যেই ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচন হবে। আর এ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে। বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, কিছুদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন কমিশনকে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে বলেছেন। আর তাতেই আপনারা বলতে শুরু করেছেন এই নির্বাচন আন্দোলন নষ্ট করার জন্য দেয়া হচ্ছে। আমাদের নির্বাচন দিলেও দোষ, না দিলেও দোষ। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আগামীতে স্থানীয় নির্বাচনসহ জাতীয় নির্বাচন এ সরকারের অধীনেই হবে। সেই নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে। বেগম খালেদা জিয়াও সেই নির্বাচনের অংশগ্রহণ করবে বলে আমার ধারণা। কারণ ন্যাড়া একবারই বেল তলায় যায়। অতীতে যে ভুল করেছেন তা বার বার করবেন না তিনি। ৫ জানুয়ারির নির্বাচনের আগে যে সহিংসতা ও নৈরাজ্যের পথ অনুস্মরণ করেছিল তা পরিহার করার জন্য বিএনপির প্রতি আহ্বান জানান তিনি।
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে কাদের মোল্লার ছেলের বক্তব্যের সমালোচনা করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, এ বিচার বিশ্ববাসী দেখেছে। ট্রাইব্যুনাল রায় দেয়ার পর উচ্চ আদালতে আপিল হয়েছে। সেই বিচার নিয়ে সে বলে তার বাবাকে হত্যা করা হয়েছে। এটা কত বড় স্পর্ধার বিষয়। তিনি বলেন, নিশ্চয় এর পেছনে কোন ষড়যন্ত্র আছে। অবশ্যই এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া জরুরি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইনমন্ত্রীর প্রতি অনুরোধ জানান তিনি।
আয়োজক সংগঠনের সভাপতি অধ্যক্ষ মো. রফিক উল্যাহ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সুজিত রায় নন্দি, সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান রাজিব, পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার প্রমুখ।