শহীদ বুদ্ধিজীবী দিবসে বিনম্র শ্রদ্ধায় জাতি স্মরণ করছে তার শ্রেষ্ঠ সন্তানদের। দিবসের প্রথম প্রহরে রাজধানীর রায়েরবাজার স্মৃতিস্তম্ভসহ বিভিন্ন স্মৃতি স্থাপনায় মোমবাতি প্রজ্বলনের মধ্যদিয়ে বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয় শহীদ বুদ্ধিজীবীদের প্রতি।
রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার সকালে মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
একই সময়ে রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধের শহীদ বেদী বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের মানুষের ফুলে ফুলে ভরে উঠেতে থাকে।
শীত উপেক্ষা করে মধ্যরাতেই স্মৃতিস্তম্ভে আসেন নানা শ্রেণী পেশার অনেকে। এসময় ৭১-এর শহীদ বুদ্ধিজীবীদের আলোকচিত্রের সামনে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে শ্রদ্ধা জানান তারা।
নানা বয়সের হাজারো মানুষ জড়ো হয়েছেন মিরপুর আর রায়েরবাজার স্মৃতিসৌধে।তাদের হাতে জাতীয় পাতাকা, আর কণ্ঠে যুদ্ধাপরাধীদের বিচারের রায় বাস্তবায়নের দাবি।
১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী পরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয় শিক্ষক, চিকিৎসক, শিল্পী, লেখক, সাংবাদিকসহ বহু খ্যাতিমান বাঙালিকে হত্যা করে। এই হত্যাকণ্ডে প্রত্যক্ষ সহযোগিতা করে রাজাকার, আলবদর ও আল শামস বাহিনীর সদস্যরা।
পরে শরীরে নিষ্ঠুর নির্যাতনের চিহ্নসহ জাতির শ্রেষ্ঠ সন্তানদের লাশ পাওয়া যায় মিরপুর ও রায়েরবাজার এলাকায়। পরে তা বধ্যভূমি হিসেবে পরিচিত হয়ে ওঠে।
পরাজয় নিশ্চিত জেনেই পাকিস্তানি বাহিনী এই পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটায়, যার উদ্দেশ্য ছিল স্বাধীনতার পর বাংলাদেশের পুনর্গঠন বাধাগ্রস্ত করা।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সকাল আটটায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
রাষ্ট্রপতির পর শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় বিউগলে বাজানো হয় করুণ সুর। তিন বাহিন প্রধান, মন্ত্রিসভার সদস্য ও সংসদ সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদনের পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পর জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়ার নেতৃত্বে ১৪ দলের পক্ষ থেকেও বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো হয়।
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ দলীয় নেতাদের সঙ্গে নিয়ে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
