সহিংস বিক্ষোভের মুখে হাইতির প্রধানমন্ত্রী লরেন্ট লামোথি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এসময় তার সাথে মন্ত্রিসভার অন্যান্য মন্ত্রীরাও পদত্যাগ করবেন বলে জানানো হয়েছে।
রবিবার সকালে এক ভাষণে লামোথি বলেছেন, 'অর্জনের অনুভূতি নিয়ে পদ ছাড়ছি আমি'।
প্রধানমন্ত্রীর পদত্যাগের খবরে বিক্ষোভকারীরা নির্বাচন ও প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে নতুন করে বিক্ষোভ শুরু করেছেন।
প্রেসিডেন্ট মাইকেল মারসেলি এর আগে ভাষণে জানিয়েছিলেন যে তিনি প্রধানমন্ত্রীর ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের জন্য গঠিত কমিশনের রিপোর্ট গ্রহণ করেছেন। এই কমিশনই প্রধানমন্ত্রীকে অপসারণের সুপারিশ করে রিপোর্ট দিয়েছিল।
বিরোধী দলগুলোর বক্তব্য অনুযায়ী হাইতিতে স্বৈরাচারী শাসনের সূচনা করতে যাচ্ছিলেন প্রধানমন্ত্রী লরেন্ট লামোথি। গত ২০১১ সালে নির্বাচনের কথা থাকলেও দফায় দফায় নির্বাচনের তারিখ বিলম্বিত করার অভিযোগ ছিল লরেন্ট লামোথির বিরুদ্ধে। সূত্র: আলজাজিরা
