'বর্ধমান বোমা বিস্ফোরণ: শাহনূরের সঙ্গে আসাম এমএলএদের সম্পর্ক ছিল'

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৪, ২০:০৯
 
 
 
 
ভারতীয় রাজনীতিবিদদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ থাকার কথা স্বীকার করেছেন জামায়াত-উল-মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য শাহনূর আলম। পশ্চিমবঙ্গে বর্ধমানে বোমা বিস্ফোরণের ঘটনায় সম্প্রতি আসাম থেকে গ্রেফতার হওয়া শাহনূর আলম জিজ্ঞাসাবাদে তদন্ত সংস্থার কাছে এ কথা স্বীকার করেছেন।
ভারতের জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) সূত্রের বরাত দিয়ে রবিবার ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, আসামের এমএলএ হোস্টেলে শাহনূরের নিয়মিত যাওয়া-আসা ছিল। কমপক্ষে চার জন এমএলএর (মেম্বার অব লেজিসলেটিভ এসেম্বলি) সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল। তবে সে সব রাজনীতিবিদের নাম বা তারা কোন দলের নেতা, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি সংস্থাটি।
জিজ্ঞাসাবাদে শাহনূর জানিয়েছেন, ওই এমএলএরা তাকে আর্থিকসহ সব ধরনের সহায়তা দেয়ার প্রস্তাব দিয়েছিলেন। তার দেয়া এ সব তথ্যের সত্যতা যাচাই করতে তদন্ত করছে এনআইএ।
প্রতিবেদনে বলা হয়, আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ এ বিষয়টি একেবারে উড়িয়ে দেননি। তিনি বলেন, কোনো কিছু নিশ্চিতভাবে বলতে পারি না, কারণ এ বিষয়ে প্রমাণ নেই। এনআইএ মামলার তদন্ত করছে। তাদের তদন্ত আগে শেষ করতে দেয়া হোক।
তার মতে, শাহনূর খুবই বিপজ্জনক একজন জেএমবি সদস্য। শাহনূর আসামের জিহাদের মূল উদ্বুদ্ধকারী। তার সঙ্গে কলকাতা ও বাংলাদেশের জেএমবি নেতাদের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল।