বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির যোগ্যতা শিথিলে কলেজ মালিকদের দাবি গ্রহণ করেনি স্বাস্থ্য মন্ত্রণালয়। মেডিকেল ভর্তি পরীক্ষায় পাস নম্বর ৪০ বহাল রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। রবিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সম্প্রতি এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষায় ২০ পেলেই শিক্ষার্থী ভর্তি করা, বিদেশি ছাত্র-ছাত্রী ভর্তির কোটা প্রত্যাহার এবং নিজস্ব উদ্যোগে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা গ্রহণের দাবি জানিয়েছিল বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ)।
বৈঠক সূত্র জানিয়েছে, সভায় বেসরকারি মেডিকের কলেজ মালিকদের দাবির বিষয়ে আলোচনা হয়। ভর্তি পরীক্ষার ন্যূনতম পাস নম্বর (৪০ নম্বর) না কমানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ নাসিম, প্রতিমন্ত্রী জাহিদ মালেক, আ ফ ম রুহুল হক, মো. ইউনুস আলী সরকার প্রমুখ।
