চবিতে ছাত্র নিহতের ঘটনায় তদন্ত কমিটি

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৪, ২১:২৪



চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ছাত্র নিহতের ঘটনায় ছাত্র উপদেষ্টা ড. খান তৌহিদ ওসমানকে প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রবিবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক জরুরী সভায় এই তদন্ত কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন আবু হোসেন, আব্দুর রব হলের প্রভোস্ট রাশেদুর নূর রাফি, এ এফ রহমান হলের প্রভোস্ট মনিরুল হাসান ও সহকারী প্রক্টর অরূপ বড়ুয়া।
সিন্ডিকেট সভা শেষে উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ জানান, কমিটিকে ১৫ দিনের মধ্যে  প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের যাবতীয় একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চালু থাকবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, শনিবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে তাপস রায় (২১) নামে এক শিক্ষার্থী নিহত হন। এ ঘটনায় তিন জন আহত হয়েছেন। নিহত তাপস রায় সংস্কৃতি বিভাগের ২য় বর্ষের ছাত্র।